কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইয়াসিন আরাফাত (৩০) নামে এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। ইয়াসিন কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ইয়াসিন সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের চিৎকার শুনে দায়িত্বরত লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পার হলেও তার সন্ধান মেলেনি।
মতামত দিন