Views Bangladesh Logo

তরুণ উদ্ভাবকদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বজয়ী দলকে সংবর্ধনা

আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ উদ্ভাবকদের ওপর। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজয়ী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এমন সাফল্য অত্যন্ত গৌরবের। এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর উন্নত রাষ্ট্রে পরিণত করতে গবেষক, উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তরুণরা যদি নতুন প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তুলতে চান, তবে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে এ প্রযুক্তির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তারা প্রযুক্তি খাতেই ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের আগ্রহের কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।

দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ওষুধ, আসবাবপত্র ও প্রসাধন শিল্পের মতো সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের বিকাশে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদেরও দেশে ফিরে অবদান রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি খাতে দক্ষতা, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার্সআপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ