চট্টগ্রামে সাংবাদিককে হুমকি
‘এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’
চট্টগ্রামে এক সাংবাদিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো অডিও বার্তায় বলা হয়েছে, ‘এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না।’
এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব দে পার্থ।
ভুক্তভোগী বিপ্লব দে পার্থ বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, শনিবার (৯ মে) বিকেলে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে অডিও বার্তার মাধ্যমে প্রথমে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
অডিও বার্তায় বলা হয়, ‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে।’
বিপ্লব দে পার্থ জানান, হুমকিদাতা নিজেকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে।
তিনি বলেন, প্রথমে চাঁদা দাবি করা হয়, পরে হুমকি দিয়ে সময় বেঁধে দেওয়া হয়। বিষয়টি গুরুতর হওয়ায় আমি থানায় জিডি করেছি এবং নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমকিদাতা মোবারক হোসেন ইমন চট্টগ্রামের একাধিক আলোচিত সন্ত্রাসী চক্রের সঙ্গে যুক্ত বলে পরিচিত। সে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে বলেও জানা গেছে।
এর মধ্যে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনকালে এমন হুমকির ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে