Views Bangladesh Logo

‘ইউ গেট আউট ফ্রম দিস রুম’, সিভিল সার্জনকে আইনমন্ত্রী

বাগেরহাটে একটি মতবিনিময় সভা চলাকালে একাধিকবার মুঠোফোন বেজে ওঠা এবং কথা বলায় জেলা সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলমের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একপর্যায়ে তাঁকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন মন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত দুটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা জানান, আইনমন্ত্রীর কাছাকাছি বসেছিলেন সিভিল সার্জন মাহবুবুল আলম। মন্ত্রীর ডান পাশে ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার।

সভা চলাকালে সিভিল সার্জনের মুঠোফোন কয়েকবার বেজে ওঠে। একপর্যায়ে তিনি ফোন নিয়ে সভাকক্ষের বাইরেও চলে যান।

সর্বশেষ মন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সিভিল সার্জনের মুঠোফোন আবার বেজে ওঠে। তখন তাঁর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম। আপনি চারবার টেলিফোন...এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিজ রুম।’

এ সময় পেছন থেকে একজনকে ‘বের হন’ বলতে শোনা যায়। এরপর আসন ছেড়ে দাঁড়িয়ে যান সিভিল সার্জন মাহবুবুল আলম।

তখন আইনমন্ত্রী বলেন, ‘দিস ইজ ইনডিসেন্ট (এটা অশোভন), দিজ ইস আ মিস কন্ডাক্ট (এটা অসদাচরণ)। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট (আপনি এটা বুঝেছেন?)। বসেন, এখানে। ফোনটা বন্ধ করে বসেন।’

এরপর মন্ত্রী আরও বলেন, ‘আপনি, চারবার এখান থেকে বসছেন–উঠছেন, বক্তাদের অ্যাটেনশন (মনোযোগ) আপনি ডাইভার্ট (ভিন্ন দিকে নেওয়া) করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি (গুরুত্বপূর্ণ আলোচনা করছি)।’

এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ