মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিপর্যয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না।’
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শতভাগ ফেল যারা করেছে, যারা আগেই বলেছে যে, আমার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শতভাগ ফেল এর পাঁচ গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। এবার জাস্ট অপেক্ষা করুন, ইনশাআল্লাহ। রেজাল্ট তো আজকে আসলো।’
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, ‘অনেক পদ্ধতি অনুসরণ করা হবে। শুধু ডাকলেই কি হবে নাকি? সিরিজ অব সিস্টেম। এটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম ২০০১ সালে। আমাদের দায়িত্ব হলো, এই শিক্ষা যদি খারাপ হয়ে থাকে, সেটাকে উন্নত করা। আমরা দেখলাম যে চিত্রটি দেখি, কেন হয়েছে।’
এহসানুল হক মিলন বলেন, ‘পয়েন্টগুলো দেবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আপনি খারাপ বলছেন কেন, কমেছে বলছেন কেন; এটা সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’
বিগত সময়ের ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি তখন ছিলাম না। আপনি বললেন (বেশি নম্বর) দেওয়া হয়েছিল। আপনার কাছ থেকে যে শিক্ষকদের নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, আমি জানতাম না। কেউ না পড়লে তাকে নম্বর বাড়িয়ে দিলে শিক্ষা হয় না।’
তিনি আরও বলেন, ‘২০০১ সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট আপ টু ২৮ শতাংশ। আবার যখন আমরা ২০০৬ সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট বেড়েছে আপ টু ৭৭ শতাংশ। আমরা থাকাকালীন রেজাল্ট যে জায়গায় ছিল, সেখান থেকে ক্রমান্বয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ।’
ফলাফল প্রকাশের আয়োজনটি প্রত্যাশা অনুযায়ী উৎসবমুখর হয়নি কেন এবং কোনো ডিপ্লোমেটিক উত্তর দিচ্ছেন কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, আপনি বলুন, আমি উৎসব করব। আমি তো বললাম, মন খুলে গান গাওয়া যায়। পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। এর চেয়ে কী বলতে পারি, বলুন?’
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার আগে শিক্ষামন্ত্রী বলেন, ‘যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে। কোথাও যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সেগুলোর বিষয়ে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত দিন