Views Bangladesh Logo

‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’, ছাত্র সংসদ নেতাদের জামায়াত আমির

ছাত্র সংসদের নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুধু বিয়ের ব্যবস্থা নয়, ভালো জায়গায় বিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি ছাত্রনেতাদের চাকরির পেছনে না ছুটে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদের নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত জীবন নিয়ে জামায়াত আমিরের পরামর্শ চান।

এ সময় তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহারের বিয়ের প্রসঙ্গ তুলে বলেন, তারা বয়সে কিছুটা সিনিয়র হওয়ায় বিয়ের জন্য নিয়মিত এসে তার কাছে আবদার করেন।

জবাবে উপস্থিত ছাত্রনেতাদের অগ্রিম অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।’

বিয়ের গুরুত্ব বোঝাতে তিনি অধ্যাপক গোলাম আযমের একটি বক্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, ‘বিয়েটা শুধু প্লেজারের জন্যে নয়, সভ্যতাকে গড়ে তোলার জন্যে।’ সময়মতো বিয়ে না করলে জাতি পিছিয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, অনেক দেশ এখন বিয়ে ও সন্তান নেওয়ার জন্য বাড়তি প্রণোদনা দিচ্ছে। কারণ, সেসব দেশে জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে।

ছাত্রনেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব। বিয়ে করিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব।’

কর্মসংস্থান ও ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রনেতাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ থাকলেও তিনি চান না তারা কেবল চাকরির পেছনে ছুটুক। বরং তারা নেতৃত্ব দেবে, নতুন উদ্ভাবন করবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, ‘আমি চাই যে এই জগতে তোমরা লিডার হবা। তোমরা ইনোভেশন করবা। তোমরা এন্ট্রাপ্রেনিউরশিপ তোমাদের হাতে তুলে নেবা। আজকের বীজ, আগামী দিনের গাছ, পরশু দিনের ফল।’

তরুণদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যাশার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, আজকের তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই অগ্রযাত্রা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণের জন্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ