Views Bangladesh Logo

ইয়াসমিন হত্যা দিবস আজ

আজ ২৪ আগস্ট, আলোচিত 'ইয়াসমিন হত্যা দিবস/নারী নির্যাতন প্রতিরোধ দিবস’। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে পুলিশের কতিপয় বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন কিশোরী ইয়াসমিন। এ ঘটনার ৩১ বছর অতিবাহিত হলেও দেশে এখনো নানা রূপ ও কৌশলে নারী নির্যাতন অব্যাহত রয়েছে বলে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় আন্দোলনকারীরা।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৫ সালের ২৪ আগস্ট রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নৈশকোচে ভুলবশত দিনাজপুরের দশমাইল এলাকায় নেমে যান ইয়াসমিন। পরবর্তীতে টহলরত পুলিশের একটি দল তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পিকআপ ভ্যানে তুলে নেয়। তবে গন্তব্যে না পৌঁছে পথেই তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

পরদিন এ ঘটনা জানাজানি হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের সব শ্রেণি-পেশার মানুষ। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হন। এতে তীব্র হয় গণআন্দোলন। সর্বস্তরের জনগণের সেই স্বতঃস্ফূর্ত প্রতিরোধের স্মারক হিসেবে প্রতি বছর ২৪ আগস্ট দিনটি সারা দেশে 'নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে।

ইয়াসমিন হত্যা ও ধর্ষণ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মতিন রায় ঘোষণা করেন। মামলাটিতে ১২৩ কার্যদিবস শুনানি শেষে পুলিশের তৎকালীন এএসআই মঈনুল, কনস্টেবল আব্দুস সাত্তার এবং পিকআপ ভ্যানচালক অমৃত লাল বর্মনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তির পর ২০০৪ সালে আসামিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।

দিবসটি উপলক্ষে আজ দিনাজপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোক র‍্যালি।

আন্দোলনকারীদের দাবি, ইয়াসমিন হত্যার বিচার হলেও সমাজ থেকে এখনো নারী নির্যাতন নির্মূল হয়নি, যা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ