সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিবের দায়িত্ব নিলেন ইয়াসমিন বেগম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা ইয়াসমিন বেগম। তিনি বিদায়ী সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ২ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (৬ সেপ্টেম্বর) নতুন সচিবের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নবনিযুক্ত সচিবকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইয়াসমিন বেগমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রম গুরুত্বপূর্ণ। নতুন সচিবের অভিজ্ঞতা ও নেতৃত্বে এ খাতের বিভিন্ন উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধান এবং প্রতিনিধিরা ইয়াসমিন বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে নতুন সচিব উপস্থিত কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর ইয়াসমিন বেগম দেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়ন, এর বিস্তার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য সংযুক্ত করা হয়। একই রদবদলে ইয়াসমিন বেগমসহ তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
মতামত দিন