Views Bangladesh Logo

মুক্তির আগেই ‘টক্সিক’ ঝড়, দুই দিনে পৌনে পাঁচ লাখ অগ্রিম টিকিট বিক্রি

চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় তারকা যশ। ‘কেজিএফ’ সিরিজের ব্যাপক সাফল্যের পর গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, যার প্রতিফলন দেখা যাচ্ছে অগ্রিম টিকিট বিক্রিতে।

শুক্রবার থেকে ভারতে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম বুকিং। মাত্র দুই দিনেরও কম সময়ে দেশটিতে বিক্রি হয়েছে ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট। অগ্রিম বুকিংয়ের এই গতি থেকে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বড় ধরনের ব্যবসা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, শুধু প্রথম দিনের জন্য ভারতে ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং থেকে আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। তবে এই হিসাবের মধ্যে এমন কিছু আসনও রয়েছে, যেগুলো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত নয়। সেসব ব্লক সিট বাদ দিলে অগ্রিম বুকিংয়ের আয় ১৮ কোটি রুপির বেশি।

অগ্রিম টিকিট বিক্রিতে সবচেয়ে এগিয়ে রয়েছে যশের নিজ রাজ্য কর্ণাটক। সেখানে ইতোমধ্যে ১৪ কোটি রুপির বেশি মূল্যের টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, যেখানে অগ্রিম বুকিং থেকে আয় প্রায় আড়াই কোটি রুপি।

ভারতের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কয়েক দিন আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। অন্যান্য আন্তর্জাতিক বাজারের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশিত হয়নি।

সব মিলিয়ে ‘টক্সিক’-এর মুক্তির প্রথম দিনটি বড় সাফল্যের মুখ দেখতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি সিনেমাটি যশ অভিনীত আগের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে প্রত্যাশা তৈরি হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ বিশ্বব্যাপী প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করেছিল। ‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ