Views Bangladesh Logo

থালাপতি বিজয়ের নিষ্ঠায় মুগ্ধ যশ, বললেন ‘অনেক কিছু শিখেছি তার কাছ থেকে’

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা যশ প্রশংসায় ভাসিয়েছেন তামিল তারকা থালাপতি বিজয়কে। নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণায় গিয়ে বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্ববোধের প্রশংসা করেন তিনি।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান যশ।

যশ বলেন, বিজয়ের কাছ থেকে তারা সবসময় অনেক কিছু শিখেছেন। তার কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের ভালোবাসা অর্জনের বিষয়টি সত্যিই প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণ তাকে যে দায়িত্ব ও মর্যাদা দিয়েছে, বিজয় তা ধরে রেখেছেন বলেও উল্লেখ করেন যশ।

অভিনেতা আরও বলেন, বিজয়ের মধ্যে যে শৃঙ্খলা ও একাগ্রতা রয়েছে, তা সহজেই বোঝা যায়। তার কাজের প্রতি এই গভীর মনোযোগই তাকে বিশেষ অবস্থানে নিয়ে গেছে বলে মনে করেন যশ।

‘টক্সিক’ ও বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন যশ। তিনি জানান, প্রযোজকের কাছ থেকে নিয়মিতই জানতে পারেন তামিলনাড়ুর মানুষের জন্য বিজয় কতটা পরিশ্রম করছেন।

যশ বলেন, ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মানের প্রতিদান দেওয়া প্রত্যেক শিল্পীর দায়িত্ব। বিজয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি তামিলনাড়ুর মানুষের জন্য কাজ করে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে ২৬ আগস্ট হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে যশ অভিনীত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। এতে ‘রায়া’ ও ‘টিকিট’ নামে দুটি চরিত্রে অভিনয় করেছেন যশ।

সিনেমাটিতে যশের সঙ্গে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। মুক্তির আগে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহও তৈরি হয়েছে। এরই মধ্যে প্রচারণায় গিয়ে যশের মুখে বিজয়ের প্রশংসা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকাকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ