‘টক্সিক’-এ কিয়ারার সাথে ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন দক্ষিণী তারকা যশ
‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশের পর থেকেই যশ ও কিয়ারা আডবাণীর রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে ছবির ঘনিষ্ঠ দৃশ্যগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এবার ছবিতে থাকা একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী তারকা যশ।
ছবিতে কিয়ারার পাশাপাশি তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে যশকে। এরই মধ্যে প্রকাশিত একটি দৃশ্যে অভিনেতাকে নগ্ন অবস্থায়ও দেখা গেছে। তবে যশের দাবি, ছবিতে যৌনতার উপস্থিতি থাকলেও কোনো অশালীনতা রাখা হয়নি। তার মতে, দৃশ্য উপস্থাপনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা থাকা জরুরি।
যশ বলেন, অশালীনতাকে তিনি কোনোভাবেই সমর্থন করেন না। তার বক্তব্য, দর্শক ছবিটি ভালোভাবে দেখলে বিষয়টি বুঝতে পারবেন। ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেগুলোকে সীমার মধ্যে রেখেই নির্মাণ করা হয়েছে। একটি দৃশ্যকে কীভাবে ক্যামেরায় উপস্থাপন করা হচ্ছে, সেটিই এখানে গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিনেতা।
যৌনতা বা ঘনিষ্ঠতার দৃশ্য ধারণের প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন যশ। তার মতে, এ ধরনের দৃশ্যও নান্দনিকভাবে উপস্থাপন করা সম্ভব। একজন স্রষ্টার দায়িত্ব হলো দৃশ্যকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা এবং গল্পের প্রয়োজন অনুযায়ী সেটিকে পর্দায় তুলে ধরা।
‘টক্সিক’-এর ‘তবাহী’ গান প্রকাশের পর যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি কিয়ারাকে ব্যক্তিগত বিষয় টেনে সমালোচনাও করা হয়। তবে সে সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন যশ। তিনি জানান, ছবির ঝলকে কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখানো হয়েছে। পুরো ছবিতে তার অভিনয় আরও বেশি নজর কাড়বে বলেও প্রশংসা করেন তিনি।
যশ আরও বলেন, একজন অভিনেতাকে বিভিন্ন সময়ে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। সেসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। সময়ের তুলনায় কিছুটা এগিয়ে থাকা কাজ শুরুতে সমালোচিত হলেও শেষ পর্যন্ত দর্শক সেটির মূল্যায়ন করবেন বলে মনে করেন তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকদের জন্য নির্মিত ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে দেখলেই এর পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
মতামত দিন