অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ইয়ান দিওমান্দে
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের মধ্যে গত ৪৮ ঘণ্টায় চূড়ান্ত সমঝোতা হওয়ায় দ্রুতই চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জানা গেছে, দিওমান্দের জন্য লাইপজিগকে প্রাথমিকভাবে ১২৫ মিলিয়ন ইউরো দেবে রিয়াল মাদ্রিদ। পারফরম্যান্সভিত্তিক সহজ ও কঠিন বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফি বেড়ে সর্বোচ্চ ১৪০ মিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে।
১৯ বছর বয়সী এই আইভোরিয়ান উইঙ্গার রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। স্কাই স্পোর্টস জার্মানির সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও শীর্ষ পর্যায়ের ফুটবলে তার অভিজ্ঞতা মাত্র এক মৌসুমের, তবে এর আগে স্প্যানিশ ক্লাব লেগানেসে খেলার সুবাদে স্প্যানিশ ফুটবলের সঙ্গে তার পরিচিতি রয়েছে।
বিশাল অঙ্কের এই ট্রান্সফারের কারণে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই দিওমান্দের ওপর প্রত্যাশার চাপ থাকবে। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাকে ভবিষ্যতের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচনা করছে।
চলতি সপ্তাহের শেষ নাগাদ দিওমান্দের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায় রিয়াল মাদ্রিদ। এরপর তাদের পরবর্তী লক্ষ্য হবে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর চেষ্টা। যদিও সেই চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আপাতত খুব বেশি নয়।
মতামত দিন