Views Bangladesh Logo

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা এবার ভ্যালেন্সিয়াকে গোলের বন্যায় ভাসিয়েছে। লামিনে ইয়ামালের জোড়া গোলের সঙ্গে ফেরমিন লোপেজ, রাফিনহা ও পেদ্রির গোলে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) মেস্তায়ায় অনুষ্ঠিত এ ম্যাচের ষষ্ঠ মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। ফেরমিন লোপেজের পাস থেকে গোলটি করেন তিনি। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেছিলেন ইয়ামাল। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

২২তম মিনিটে ব্যবধান ২-০ করেন ফেরমিন। অ্যান্থনি গর্ডনের পাস পেয়ে নিচু শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে বার্সেলোনার হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনহা। ইয়ামাল ও ফেরমিনের তৈরি করা আক্রমণ থেকে কাছ থেকে জালে বল পাঠান তিনি।

এরপর বার্সেলোনাকে আরও গোল থেকে বঞ্চিত করতে বেশ কয়েকটি দারুণ সেভ করেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি। তবে ৭৯ মিনিটে আর ঠেকাতে পারেননি পেদ্রিকে। দানি ওলমোর তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল। দানি ওলমোর থ্রু বল ধরে শট নেন তিনি। ভিএআরের পর্যালোচনায় গোলটি বৈধ ঘোষণা করা হলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার বিপরীতে সমান সংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়ার সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ফলে পয়েন্ট তালিকার তলানিতেই রয়েছে দলটি। অন্যদিকে মৌসুমের প্রথম চার লিগ ম্যাচে ১৭ গোল করেছে দলটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ