Views Bangladesh Logo

ইয়ামাল-ভোজিনিয়ার লড়াইয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচে গোল না হলেও গড়ে উঠেছে ইতিহাস। স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল এবং কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার মুখোমুখি লড়াই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম দিয়েছে।

ম্যাচের ৭১তম মিনিটে মিকেল মেরিনোর বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। কেপ ভার্দের সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে ব্যর্থ হওয়ার পর কোচ স্পেনের আক্রমণে গতি ও সৃজনশীলতা আনতেই তাকে মাঠে নামান।

১৮ বছর ৩৪২ দিন বয়সে বিশ্বকাপে অভিষেক হয় ইয়ামালের। অন্যদিকে ৪০ বছর ২২ দিন বয়সী ভোজিনিয়ারও এটি ছিল বিশ্বকাপে প্রথম ম্যাচ। ফলে দুই ফুটবলারের বয়সের পার্থক্য দাঁড়ায় ২১ বছর ৪৫ দিন।

এটাই বিশ্বকাপের ইতিহাসে একই ম্যাচে মুখোমুখি হওয়া দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ বয়সের ব্যবধানের নতুন রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এখনো রেকর্ডটি ধরে রেখেছেন নরম্যান হোয়াইটসাইড। তিনি ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। আর সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এসাম এল-হাদারির, যিনি ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর ১৬১ দিন বয়সে খেলেছিলেন।

ইয়ামালের উপস্থিতিতে স্পেনের আক্রমণে কিছুটা গতি এলেও গোলের দেখা পায়নি তারা। কেপ ভার্দের রক্ষণ এবং বিশেষ করে ভোজিনিয়ার অনবদ্য গোলকিপিংয়ের সামনে শেষ পর্যন্ত ০–০ সমতায় শেষ হয় ম্যাচটি। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই স্পেনকে রুখে দিয়ে স্মরণীয় পয়েন্ট অর্জন করে কেপ ভার্দে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ