Views Bangladesh Logo

উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬০০ টাকা।

শুক্রবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাষ্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে মোহাম্মদ আমিন(২০)।

এছাড়া একইদিনে রাত সাড়ে ১০টার দিকে দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস এবং মধ্যরাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকবিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম আরও বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ