১২.৫ ইঞ্চির ডিসপ্লে ও ১১ হাজার এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি প্যাড ৯ প্রো
প্রিমিয়াম ট্যাবলেটের বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নতুন প্যাড ৯ সিরিজে বড় ধরনের হার্ডওয়্যার আপগ্রেড আনতে পারে শাওমি। এরই মধ্যে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে প্রযুক্তি বিশ্লেষক ডিজিটাল চ্যাট স্টেশনের ফাঁস করা তথ্যে শাওমি প্যাড ৯ প্রো-এর সম্ভাব্য বেশ কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। তবে শাওমি এখনো এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন ট্যাবলেটটিতে ১২.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে। এতে ৩.২কে রেজুলেশনের পাশাপাশি সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করার কথা রয়েছে। বর্তমান প্যাড ৮ প্রো-এর ১১.২ ইঞ্চি ডিসপ্লের তুলনায় নতুন মডেলের পর্দা বড় হবে। ফলে মাল্টিমিডিয়া ব্যবহার, গেমিং এবং একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রে তুলনামূলক বেশি জায়গা পাওয়া যাবে।
পারফরম্যান্সের দিক থেকেও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শাওমি প্যাড ৯ প্রো-তে কোয়ালকমের ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট ব্যবহারের কথা বলা হচ্ছে। এতে আটটি ওরিয়ন সিপিইউ কোর এবং অ্যাড্রেনো ৮২৯ জিপিইউ থাকার দাবি করা হয়েছে। ফলে উচ্চক্ষমতার গেমিং, ভিডিও সম্পাদনা ও ভারী অ্যাপ ব্যবহারে ট্যাবলেটটি শক্তিশালী পারফরম্যান্স দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাটারিতেও বড় আপগ্রেড আসতে পারে। গুঞ্জন অনুযায়ী, প্যাড ৯ প্রো-তে ১১ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে এবং ৬৭ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থন করবে। আগের প্যাড ৮ প্রো-এর ৯ হাজার ২০০ এমএএইচ ব্যাটারির তুলনায় নতুন মডেলের সক্ষমতা প্রায় ২০ শতাংশ বেশি হবে। তবে চার্জিং ক্ষমতা আগের মডেলের মতোই ৬৭ ওয়াট থাকতে পারে।
এদিকে প্যাড ৯ সিরিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ হিসেবে প্যাড ৯ প্রো ম্যাক্স নিয়েও শাওমির পরিকল্পনা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডেলটি সেপ্টেম্বরে বাজারে আসবে এবং এতে শাওমির নিজস্ব এক্সরিং ও৩ চিপ ব্যবহার করা হবে। সাম্প্রতিক গিকবেঞ্চ তালিকাতেও প্যাড ৯ প্রো ম্যাক্সে এক্সরিং ও৩, ১৬ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৭-এর উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
তবে প্যাড ৯ প্রো-এর বাজারে আসার নির্দিষ্ট সময়, দাম এবং পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন এখনো ঘোষণা করেনি শাওমি। ফলে বর্তমানে সামনে আসা তথ্যগুলোকে সম্ভাব্য স্পেসিফিকেশন হিসেবেই দেখা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যারের চূড়ান্ত তথ্য জানা যাবে।
মতামত দিন