১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশে ভর্তি, আগামী সপ্তাহে আবেদন শুরুর সম্ভাবনা
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির অনলাইন আবেদন শুরুর তারিখ আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একাদশে ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ হয়ে যাবে।
এর আগে গত সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় জানানো হয়, নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় একাদশে ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক কম হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, দেশে সাধারণ কলেজ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৯ হাজার ৩১৪টি। এসব প্রতিষ্ঠানে মোট আসন প্রায় সাড়ে ২৭ লাখ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৭১টি কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৫ লাখ ৯০ হাজার ৩৮৭টি। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক হাজারের বেশি প্রতিষ্ঠানে আসন রয়েছে দেড় লাখের বেশি।
গত সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের ফল অনুযায়ী, এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
ফলে মোট আসনের তুলনায় এবার একাদশে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। সংশ্লিষ্টদের হিসাবে, প্রায় ১৭ লাখ আসন খালি পড়ে থাকতে পারে। এর সঙ্গে প্রতিবছর এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ উচ্চমাধ্যমিকে ভর্তি না হওয়ায় খালি আসনের সংখ্যা আরও বাড়তে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাসের হার কমে যাওয়ার প্রভাব এবার কলেজ পর্যায়ের ভর্তি পরিস্থিতিতেও স্পষ্টভাবে দেখা যেতে পারে। বিশেষ করে শিক্ষার্থী সংকটে থাকা অনেক প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রতিযোগিতার পরিবর্তে শিক্ষার্থী পাওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
মতামত দিন