Views Bangladesh Logo

এক বছরের উন্নয়নকাজের পর নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মোচন করল এক্স

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রায় এক বছরের উন্নয়নকাজ শেষে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নতুন সংস্করণের অ্যাপ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। সোমবার (২০ জুলাই) থেকে নতুন অ্যাপটি সবার জন্য ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে।

কোম্পানির দাবি, আগের সংস্করণকে শুধু হালনাগাদ করা হয়নি; বরং অ্যান্ড্রয়েড অ্যাপটি একেবারে শূন্য থেকে নতুনভাবে তৈরি করা হয়েছে। এর ফলে অ্যাপের গতি, স্ক্রোলিং, নোটিফিকেশন এবং সামগ্রিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হবে।

গত বছরের আগস্টে এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার জানিয়েছিলেন, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে একটি বিশেষ প্রকৌশলী দল গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি জানান, অ্যান্ড্রয়েড অ্যাপের জনপ্রিয়তা বাড়তে থাকায় নতুন সংস্করণ তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

নতুন অ্যাপ প্রকাশের পর নিকিতা বিয়ার এটিকে কোম্পানির ইতিহাসের ‘সবচেয়ে বড় প্রকৌশল প্রকল্পগুলোর একটি’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, নতুন অ্যাপটি আগের তুলনায় অনেক দ্রুত, আরও মসৃণ এবং নির্ভরযোগ্য। পাশাপাশি এটি ভবিষ্যতে নতুন নতুন ফিচার দ্রুত যুক্ত করার সুযোগ তৈরি করবে।

গত কয়েক মাসে এক্স প্ল্যাটফর্মে এক্স মানি এবং এক্স চ্যাট-এর মতো নতুন সেবা চালু হয়েছে। নতুন অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে এসব ফিচার আরও কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে থাকায় নতুন এই সংস্করণ আরও বেশি ব্যবহারকারীকে এক্সে আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে কোম্পানি জানিয়েছে, অ্যাপটিতে এখনো কিছু ছোটখাটো সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে পারফরম্যান্স উন্নয়ন এবং লাইভ অডিও ফিচার স্পেসেস-এর পূর্ণ সমর্থন নিয়ে কাজ চলছে। এ ছাড়া খুব শিগগিরই অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন ভিডিও এডিটর, ভিডিওর মাধ্যমে রিপ্লাই, ক্যাশট্যাগ এবং কাস্টম টাইমলাইনের মতো একাধিক নতুন ফিচার যুক্ত করা হবে বলে জানিয়েছেন নিকিতা বিয়ার।

বর্তমান অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এক্স অ্যাপটি আপডেট করলেই নতুন সংস্করণটি ব্যবহার করতে পারবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ