Views Bangladesh Logo

এক্সের অনুবাদে তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের বাণিজ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্ল্যাটফর্মটির অনুবাদব্যবস্থা পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে আকাজাওয়া জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে জাপানি ভাষায় পোস্ট করার সময় তিনি তারেক রহমানের সঠিক নামই লিখেছিলেন। কিন্তু ইংরেজিতে স্বয়ংক্রিয় অনুবাদের সময় নামটি ভুলভাবে এসেছে। এতে বিদেশে বিভ্রান্তি তৈরি হয়েছে।

আকাজাওয়া লেখেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, তাদের প্রধানমন্ত্রীর নামটাই জাপানের বাণিজ্যমন্ত্রী ঠিকঠাক জানেন না।’ ইলন মাস্কের মালিকানাধীন এক্সের উদ্দেশে তিনি বলেন, ‘নামের অনুবাদে এমন উদাসীনতা দেখানো প্ল্যাটফর্মটির কার্যক্রম মৌলিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন।’

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, বাণিজ্যমন্ত্রীসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ২৮ অক্টোবর তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাপানি ভাষায় এক্সে পোস্ট দেন আকাজাওয়া। পোস্টে দুই নেতার ছবিও যুক্ত ছিল। তবে স্বয়ংক্রিয় অনুবাদে তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম আসে।

এ ধরনের অনুবাদ বিভ্রাটের মুখে এবারই প্রথম পড়েননি বলে জানিয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে পোস্ট দেওয়ার পরও একই ধরনের ভুল হয়। অনুবাদে সেটিকে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা হিসেবে দেখানো হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া পোস্টের অনুবাদেও ভুল নাম এসেছিল বলে অভিযোগ করেছেন আকাজাওয়া। তিনি বলেন, ‘আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ