Views Bangladesh Logo

কোন দেশের অনুরোধে পোস্টের দৃশ্যমানতা কমানো হয়েছে, জানাবে এক্স

 VB  Desk

ভিবি ডেস্ক

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) তাদের ‘আন্ডার দ্য হুড’ নামক স্বচ্ছতা টুলটি সম্প্রসারণ করেছে। এই সুবিধার নতুন সংস্করণে ব্যবহারকারীরা জানতে পারবেন—স্থানীয় আইন মেনে চলার কারণে কোনো অ্যাকাউন্ট বা নির্দিষ্ট পোস্টের দৃশ্যমানতা সীমাবদ্ধ করা হয়েছে কি না; আর তা হয়ে থাকলে ঠিক কোন দেশের আইনি অনুরোধে করা হয়েছে।

যেসব ব্যবহারকারী দীর্ঘদিন ধরে মনে করছিলেন যে কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের পোস্ট ‘শ্যাডোব্যান’ করা হচ্ছে, তাদের জন্য এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানির অফিশিয়াল অ্যাকাউন্ট ‘এক্স ওপেন সোর্স’ এক ঘোষণায় জানায়, ‘আন্ডার দ্য হুড’ টুলটি এখন থেকে স্পষ্ট করবে—কোনো অ্যাকাউন্ট বা পোস্টের দৃশ্যমানতা স্থানীয় আইন মেনে চলার কারণে সীমাবদ্ধ করা হয়েছিল কি না এবং তা কোন দেশের আইনি চাহিদায় করা হয়েছিল।

মূলত গত আগস্টে চালু হওয়া তাদের নিজস্ব স্বচ্ছতা ব্যবস্থারই বর্ধিত সংস্করণ এটি। আগের সংস্করণে ব্যবহারকারীরা কেবল তাদের অ্যাকাউন্ট বা পোস্টে প্রয়োগ করা লেবেল সংক্রান্ত তথ্য পেতেন। তবে নতুন সংস্করণে আগের সাধারণ তথ্যের চেয়েও অনেক বেশি সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন, কোন দেশের আইনি দাবির কারণে তাদের নির্দিষ্ট পোস্টটি সীমিত করা হয়েছে।

এসব তথ্য ডাউনলোডযোগ্য ‘জেসন’ ফাইল আকারে পাওয়া যাবে। তবে সুবিধাটি পেতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অন্তত এক বছরের পুরোনো হতে হবে এবং ওই মাসে ন্যূনতম ১০টি পোস্ট থাকতে হবে। ব্যবহারকারীরা x.com/i/under_the_hood ঠিকানায় গিয়ে এই প্রতিবেদন দেখতে পারবেন।

তবে পোস্টের রিচ কমে যাওয়ার অর্থই যে এক্স ইচ্ছাকৃতভাবে তা সীমিত করেছে—বিষয়টি তেমন নয়। প্ল্যাটফর্মটির সুপারিশ ও র‍্যাংকিং ব্যবস্থা, কনটেন্ট নীতিমালা কিংবা অন্যান্য কারিগরি কারণেও রিচে প্রভাব পড়তে পারে। এক্স জানিয়েছে, নীতিমালা লঙ্ঘন কিংবা কোনো সংস্থার আইনি নির্দেশ পেলে নির্দিষ্ট পরিস্থিতিতে তারা কনটেন্টের দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।

তাই এই নতুন সুবিধা চালু হলেও রিচ কমে যাওয়ার প্রতিটি ঘটনার পেছনে সরকার সংশ্লিষ্ট কারণই দায়ী—এমনটা নিশ্চিত হওয়া যাবে না। তবে এটি স্বচ্ছতার একটি অতিরিক্ত স্তর যোগ করেছে, যা ব্যবহারকারীরা প্রয়োজনে নিজেরাই যাচাই করে দেখতে পারবেন।

উল্লেখ্য, দেশভেদে অনলাইন বক্তব্য নিয়ন্ত্রণকারী আইনে ভিন্নতা থাকায় সরকারি অনুরোধের কারণও ভিন্ন হতে পারে; যেমন—ঘৃণামূলক বক্তব্য, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট কিংবা নির্বাচনী বিধিমালার লঙ্ঘন। এক্সের নিজস্ব নীতি অনুযায়ী, কোনো দেশের অনুমোদিত সংস্থার আইনি অনুরোধ পেলে কোম্পানিটি ওই নির্দিষ্ট এখতিয়ারভুক্ত অঞ্চলে সংশ্লিষ্ট কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য থাকে।

সূত্র: নিউজ১৮.কম, এক্স ওপেন সোর্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ