Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণা নিয়ে সাকিবের মূল্যায়ন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) মূল্যবান পয়েন্ট অর্জন করতে চায় বলেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল ঘোষণা করা হয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। প্রতিপক্ষ বিবেচনা করে নয়, বরং বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্ব অনুধাবন করেই অজিরা নিজেদের সেরা দল নামাচ্ছ।

আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়নের মতো শীর্ষ তারকাদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অজিদের এই পূর্ণ শক্তির দল নির্বাচনকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদার প্রতীক হিসেবে দেখলেও সাকিবের মূল্যায়ন কিছুটা ভিন্ন।

ভারতীয় ক্রীড়াভিত্তিক মাধ্যম ‘রেভস্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই অলরাউন্ডার জানান, শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচেই নিজেদের সেরা একাদশ খেলাতে অগ্রাধিকার দেয়।

সাকিব বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। প্রতিপক্ষ কে কিংবা খেলা কোথায়—তা বিবেচনা না করে তারা সব সময় নিজেদের সেরা দলটিকে মাঠে নামাতে পছন্দ করে। তাই অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল ঘোষণা করায় আমি মোটেও অবাক হইনি।’

ডব্লিউটিসির পয়েন্ট টেবিলের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘যেহেতু এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত একটি সিরিজ, তাই তারা মূল্যবান পয়েন্ট হারাতে চাইবে না। পাশাপাশি তাদের খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রামও পেয়েছে, ফলে তারা এখন পূর্ণ শক্তির একাদশ মাঠে নামানোর মতো উপযুক্ত অবস্থায় রয়েছে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই টেস্ট সিরিজ। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর অজিদের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালে বাংলাদেশের সেই প্রথম টেস্ট সফরেও পূর্ণ শক্তির দল নামিয়েছিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া সাকিব সেই সফরে না থাকলেও এবার ডাগআউটের বাইরে থেকেই উপভোগ করবেন দুই দেশের এই লড়াই।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ