ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষককে অব্যাহতি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ওই কেন্দ্রের ১৭৭ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দেন। প্রায় দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে ১২৫ মিনিট পর নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার্থীদের অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় দেওয়া হয়।
ঘটনার পরপরই কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককেও এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এ ঘটনায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।
ইউএনও আসিফ আল জিনাত জানান, কেন্দ্রসচিবকে ইতোমধ্যে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষা বোর্ডের নির্দেশনার আলোকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে