বাংলাদেশে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট
বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে রিটে বলা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
তিনি বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলাসহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন। তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে