Views Bangladesh Logo

তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন ব্যক্তি যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন।

আবেদনকারী ১২ জনের মধ্যে দেশের ক্রিকেটাঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও আসিফ ইকবাল।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সাথে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত এই ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয় সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে। এই কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান স্থান পান। এ ছাড়া কমিটির সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম হলেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। রাজনৈতিক পরিবারের সন্তানদের মধ্যে মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে।

এই অ্যাডহক কমিটিতে অন্য সদস্যদের মধ্যে আরও অন্তর্ভুক্ত আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। নবগঠিত এই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করতেই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন দেশের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকেরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ