‘মঙ্গল শোভাযাত্রা’ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
পয়লা বৈশাখে পালন হয়ে আসা দেশের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’ স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) এই রিট দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।
রিটে দাবি করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, সাংবিধানিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
রিটে আরও দাবি করা হয়—এটি কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়। ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ হিসেবে শুরু হয়ে পরে বর্তমান রূপ পায়। শোভাযাত্রায় ব্যবহৃত প্রতীক ও উপস্থাপন ইসলামী আকিদার সঙ্গে সাংঘর্ষিক।
রিটকারী আইনজীবীর দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই আয়োজন চাপিয়ে দেওয়া সংবিধানের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া এতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
রিটে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, অনুমোদন ও প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে