বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জাতির কল্যাণে দোয়া
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া ছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে মৃত আত্মীয়-স্বজনদের জন্য জান্নাত কামনা করা হয়।
এ সময় অনেক মুসল্লিকে চোখের জলে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের নিরাপত্তা ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।
জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে