Views Bangladesh Logo

মণ্ডপে মণ্ডপে আরাধনা, ভক্তদের মনে দেবী বিদায়ের সুর

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব। কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তাই উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তদের মনে এখন বিদায়ের বিষাদ। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমী অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের স্মারক। এই তিথিতে দেবী দুর্গার হাতে মহিষাসুর বধের মধ্য দিয়ে অশুভ শক্তির পরাজয় ঘটে। অন্যদিকে, রামায়ণের বর্ণনা অনুযায়ী, এই সময়েই রাবণকে বধ করেন রাম। নবমীর রাত পেরোলেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এগিয়ে যাবে সমাপ্তির দিকে। তাই মণ্ডপে মণ্ডপে এখন আনন্দের সঙ্গে মিশেছে বিদায়ের সুর।

মহানবমী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা ও আরাধনা করছেন ভক্তরা। সকালে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি যজ্ঞে আহুতি দিয়ে দেবীর কাছে প্রার্থনা করেন তাঁরা।

বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। পরে একে অপরকে সিঁদুর মাখিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এ রীতিকে বলা হয় ‘দেবী বরণ’।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীর কাছে স্বামীর মঙ্গল ও পরিবারের কল্যাণ কামনা করেন নারীরা। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ানোর পর নিজেদের মধ্যে সিঁদুর বিনিময় করেন তাঁরা। কেউ একে অপরের কপালে, কেউ গালে সিঁদুর মাখিয়ে দেন। নাচ, গান ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের শেষ দিনটিকে আনন্দমুখর করে তোলেন সবাই।

সিঁদুর খেলা মূলত বিবাহিত নারীদের রীতি হলেও এ সময় মণ্ডপে অন্য ভক্তদেরও উপস্থিতি থাকে। অবিবাহিত তরুণীরাও অনেক ক্ষেত্রে হাতে ও গালে সিঁদুর মেখে উৎসবে অংশ নেন।

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে পলাশীর মোড় থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়ে সদরঘাটের ওয়াইজ ঘাটে যাবে। সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আয়োজকদের সূচি অনুযায়ী, বুধবার বিকেল ৩টার পর থেকে বিসর্জন শুরু হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ