জেন–জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন বাংলাদেশে
রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য সন্ধিক্ষণ। এই নির্বাচনে প্রথমবারের মতো জেন–জি ভোটাররা ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারেন। মোট ভোটারের প্রায় এক–চতুর্থাংশই ৩০ বছরের কম বয়সী তরুণ, যাদের রাজনৈতিক সচেতনতা, রাজপথের আন্দোলনে অংশগ্রহণ এবং পরিবর্তনের প্রত্যাশা এবারের নির্বাচনকে আলাদা গুরুত্ব দিচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর শেখ হাসিনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর বাংলাদেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। বিশ্লেষকদের মতে, ২০০৮ সালের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা স্পষ্টভাবে দৃশ্যমান।
রয়টার্স জানায়, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। এ ছাড়া জেন–জি নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট করে রাজপথের আন্দোলনের অভিজ্ঞতাকে নির্বাচনী রাজনীতিতে রূপ দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের ১২ কোটি ৮০ লাখ ভোটারের সবচেয়ে বড় উদ্বেগ দুর্নীতি ও মূল্যস্ফীতি। একই সঙ্গে অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অচলাবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক—বিশেষ করে চীন ও ভারতের ভূমিকা—এবারের নির্বাচনের ফলাফলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
বিশ্লেষকদের মতে, জেন–জি ভোটারদের সিদ্ধান্ত কেবল পরবর্তী সরকার গঠনেই নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, কূটনৈতিক অবস্থান ও গণতান্ত্রিক ধারার গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে