Views Bangladesh Logo

ঢাকায় বিশ্বখ্যাত কোচ ইউরোস গ্রেগরিচ, চার দিনের প্রশিক্ষণে সিদ্দিকুরসহ স্থানীয় কোচরা

গলফের বিশ্বখ্যাত কোচ ইউরোস গ্রেগরিচ বুধবার ঢাকায় পৌঁছে দিনভর প্রশিক্ষণ দিয়েছেন দেশের গলফার ও কোচদের। সিদ্দিকুর রহমানসহ শীর্ষ গলফাররা অংশ নিয়েছেন তার এই ক্লাসে।

বাংলাদেশ গলফ ফেডারেশন-এর আয়োজনে আর্মি গলফ ক্লাব একাডেমিতে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’। এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

দেশীয় কোচদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় কোচদের পাশাপাশি দেশের তারকা গলফাররাও অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইউরোস গ্রেগরিচ। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কোচদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশে এমন উদ্যোগে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত।

মাসুদ রাজ্জাক জানান, গলফ খেলায় শারীরিক ও মানসিক দক্ষতা দুটিই গুরুত্বপূর্ণ। নতুন গলফার তৈরিতে কোচদের প্রশিক্ষণের কোনো ঘাটতি না রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাঈদ সিদ্দিকী বলেন, দেশের গলফের উন্নয়নে কোচদের মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় কোচরা আরও দক্ষ হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তারকা গলফার সিদ্দিকুর রহমান বলেন, কোচ না হলেও শেখার কোনো শেষ নেই। এই কোর্স থেকে নতুন অনেক কিছু শেখার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

জাতীয় গলফ দলের কোচ নাদিম হোসেন বলেন, আন্তর্জাতিক মানের কোচের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া স্থানীয় কোচদের জন্য বড় অর্জন। চার দিনের এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ