ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হলে গোটা বিশ্ব ভুগবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হলে কোনো দেশই এর নেতিবাচক পরিণতি এড়াতে পারবে না।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষ অন্তত আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে — এটি একটি ইতিবাচক বার্তা। এই উদ্যোগ থেকে স্পষ্ট যে সংশ্লিষ্ট পক্ষগুলো সংঘাত এড়িয়ে শান্তির পথে এগোতে আগ্রহী। বাংলাদেশ সরকার এ ধরনের যেকোনো কূটনৈতিক প্রচেষ্টাকে সর্বদা স্বাগত জানায়।
প্রতিমন্ত্রী বলেন, আলোচনা ভেস্তে গেলে শুধু এই দুটি দেশ নয়, বিশ্বের প্রতিটি দেশই এর ক্ষতির ভার বহন করতে বাধ্য হবে। অর্থনৈতিক ও সামাজিক, উভয় দিক থেকেই এই ক্ষতি অনুভূত হবে। তাই আমরা চাই আলোচনা আরও গতিশীল হোক এবং সব পক্ষের কাছ থেকে গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসুক।
মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে, এটাই ঢাকার দীর্ঘদিনের অবস্থান। চলমান যুদ্ধাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং বৈশ্বিক অর্থনীতি, যা কোনোভাবেই কাম্য নয়।
প্রথম দফার আলোচনায় কোনো সমাধান না আসা প্রসঙ্গে কিছু না বললেও সব পক্ষ শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে