বিশ্ব মান দিবস আজ
আজ ১৪ অক্টোবর, ৫৫তম বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই বছর দিবসটির প্রতিপাদ্য ‘Shared vision for a better world’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান’।
বিশ্ব মান দিবস উপলক্ষ্যে জাতীয় মান সংস্থা হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই অংশ হিসেবে বিএসটিআইয়ের উদ্যোগে প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিটিআরসির মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড লাগানো হয়েছে।
বিশ্বব্যাপী এসডিজির গোলগুলোকে প্রাধান্য দিয়ে ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালন করা হবে। এই বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে। বিশ্বায়নের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের মূলে রয়েছে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ করেছে নতুন মাত্রা।
ডিজিটাল উৎপাদন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি মানুষের জীবন ব্যবস্থাকে আরও উন্নত, সহজতর, নিরাপদ ও সুরক্ষিত করেছে। এই পরিবর্তনের সঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে