মমতা আর নিঃস্বার্থ ভালোবাসায় আজ বিশ্ব মা দিবস
ভালোবাসা, ত্যাগ ও মমতার প্রতীক মা। ছোট্ট এই শব্দের মধ্যেই জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ স্নেহ, নিরাপত্তা আর আত্মত্যাগের গল্প। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের সব স্বপ্ন-ইচ্ছা ত্যাগ করা সেই মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি।
মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ মুহূর্ত। জীবনের ব্যস্ততায় অনেক সময় মাকে বলা হয় না মনের কথা—‘মা, তোমাকে অনেক ভালোবাসি।’ অথচ একজন মা সন্তানের সুখের জন্য নিরলসভাবে ত্যাগ স্বীকার করেন, নির্ঘুম রাত কাটান, অসুস্থতায় ছায়ার মতো পাশে থাকেন এবং নিজের কষ্ট আড়াল করে রাখেন। তাই মা দিবস হয়ে উঠেছে মায়ের প্রতি ভালোবাসা ও হৃদয়ের অনুভূতি প্রকাশের এক অনন্য উপলক্ষ।
মা দিবস শুরুর প্রেক্ষাপট
আধুনিক মা দিবসের সূচনা বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রে আনা জারভিস নামক এক নারীর হাত ধরে। ১৯০৫ সালে নিজের মা অ্যান রিভস জারভিস-এর মৃত্যুর পর, তিনি মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি নির্দিষ্ট দিনের প্রয়োজনীয়তা অনুভব করেন। ১৯০৮ সালের ১০ মে, পশ্চিম ভার্জিনিয়ার গ্র্যাফটনের আন্দ্রেউজ মেথডিস্ট এপিসকোপাল চার্চে জারভিস তার মায়ের স্মরণে এবং সব মায়ের সম্মানে প্রথম মা দিবস উদযাপন করেন। তার নিরলস প্রচারণার পর, ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে সরকারিভাবে 'মা দিবস' হিসেবে ঘোষণা করেন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল মায়েদের ত্যাগ ও মাতৃত্বকে সম্মান জানানো।
নানা আয়োজনে বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব মা দিবস
বাংলাদেশে সামাজিক ও পারিবারিক পরিসরে মা দিবসের গুরুত্ব দিন দিন বাড়ছে। দিবসটি ঘিরে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি ও আয়োজনের উদ্যোগ নেয়। কেউ মাকে ফুল, শাড়ি কিংবা ছোট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন, আবার অনেকের কাছে মায়ের সঙ্গে কিছুটা সময় কাটানোই সবচেয়ে মূল্যবান উপহার। মা দিবস উপলক্ষে বিশেষ অফার ও উপহারের আয়োজন করেছে বিভিন্ন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম। ডেজার্ট, ফুল ও নানা ধরনের উপহারে থাকছে আকর্ষণীয় ছাড়। পাশাপাশি গ্রাহকদের জন্য বিশেষ গিফট হ্যাম্পার জেতার সুযোগও রাখা হয়েছে।
এছাড়াও বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার (১০ মে) রাজধানীর একটি হোটেলে ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর উদ্যোগে অভিনেত্রী ববিতা-কে প্রদান করা হবে ‘মা পদক ২০২৬’। চলচ্চিত্রে মায়ের চরিত্রে অসাধারণ অভিনয় এবং ব্যক্তিগত জীবনে সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিশেষ এই দিনকে সামনে রেখে দেশের শীর্ষ ফ্যাশন হাউজগুলো এনেছে মা দিবসের নতুন সংগ্রহ। পাশাপাশি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে বাজারে এসেছে নান্দনিক মগসহ বিভিন্ন উপহারের বিশেষ কালেকশনও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে