বিশ্ব স্বাস্থ্য সম্মেলন: ড. ইউনূসের বার্লিন সফর বাতিল
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন। আয়োজকরা বলছেন, স্বাস্থ্যগত কারণে সম্মেলনে যোগ দিচ্ছেন না মুহাম্মদ ইউনূস।
জানা গেছে, সম্মেলনে ইউনূসের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সংগঠন আপত্তি জানিয়েছিল। বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংগঠনগুলো তার অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি তোলে। তবে সফর বাতিলের কারণ হিসেবে আয়োজকেরা স্বাস্থ্যগত বিষয়টির কথা জানিয়েছেন।
রোববার শুরু হওয়া এবারের ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’। মঙ্গলবার পর্যন্ত চলা এ সম্মেলনে বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্যব্যবস্থার সংকট এবং তা মোকাবিলার উপায় নিয়ে সম্মেলনের বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে।
সম্মেলনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি অধিবেশনে অংশ নেবেন। অন্য একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল মুহাম্মদ ইউনূসের। সম্মেলনের ওয়েবসাইটে বক্তা হিসেবে তার নামও প্রকাশ করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তালিকা থেকে তার নাম সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের পক্ষ থেকে আনা স্টোরমার গণমাধ্যমকে জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ঢাকায় ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি সংবাদমাধ্যমটি।
এদিকে, বাংলাদেশের সাম্প্রতিক হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রায় তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন সম্মেলনে ইউনূসের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল। এ দাবিতে সংগঠনগুলো একটি পিটিশনও দাখিল করে।
সংগঠনগুলো হলো সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স। এর মধ্যে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়ামভিত্তিক এবং ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউরোপ ও যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করে।
পিটিশনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন উঠেছে। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সে পর্যালোচনা শেষ হওয়ার আগে মুহাম্মদ ইউনূসকে সম্মেলনের বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে দাবি জানায় সংগঠনগুলো।
মতামত দিন