Views Bangladesh Logo

বিশ্ব পরিবেশ দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিবসটি।

এ বছরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। প্রতিপাদ্যটি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বকে সামনে তুলে ধরছে।

জাতিসংঘের উদ্যোগে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে উদযাপিত এই দিবসটি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও জলবায়ু কর্মসূচিকে উৎসাহিত করার ক্ষেত্রে জাতিসংঘের অন্যতম বৃহৎ ও স্বীকৃত বৈশ্বিক সচেতনতামূলক প্রচারণা হিসেবে বিবেচিত।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা, খরা এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও মানুষের জীবিকাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এর পাশাপাশি প্লাস্টিক দূষণ, বাতাসের নিম্নমান এবং অপরিকল্পিত নগরায়ন দেশের পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে।

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সরকার পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সবুজ শিল্পায়নের প্রচার, পরিবেশবান্ধব নগর উন্নয়নে উৎসাহ প্রদান এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

পৃথক এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পরিবেশ ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি সংস্থা, বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ ও সাধারণ নাগরিক সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশ বিষয়ক জাতিসংঘ সম্মেলনের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সমন্বিত প্রচেষ্টার সূচনা হয়। ওই সম্মেলনের পর জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ