সেনেগালের প্রধান কোচ হলেন বিশ্বকাপজয়ী প্যাট্রিক ভিয়েরা
নিজের কোচিং ক্যারিয়ারে এক নতুন ও আবেগঘন অধ্যায়ের সূচনা করলেন ফরাসি জার্সিতে বিশ্বকাপজয়ী এবং আর্সেনালের হয়ে মধ্যমাঠ কাঁপানো কিংবদন্তি ফুটবলার প্যাট্রিক ভিয়েরা।
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেনেগালের বিদায়ের পর দলটির প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ৫০ বছর বয়সী এই ফরাসি তারকা। এর মাধ্যমে সেনেগালিজ ফুটবল ফেডারেশনের (এফএসএফ) এক নতুন আস্থার প্রতীক হয়ে উঠলেন তিনি।
সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা মাত্র আট বছর বয়সে ফ্রান্সে পাড়ি জমালেও নিজের জন্মভূমির মূল শিকড় কখনোই ভুলে যাননি। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে ১০০টিরও বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি; জিতেছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এর আগে ক্রিস্টাল প্যালেস, নিস, স্ট্রাসবার্গ এবং জেনোয়ার মতো শীর্ষ ক্লাবগুলোতে ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলালেও জাতীয় দল হিসেবে এটিই তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) ভিয়েরার এই নিয়োগ নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগাল সিনিয়র জাতীয় দলের নতুন প্রধান কোচ। তাঁর দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক উপস্থাপনা ও পরবর্তী পদক্ষেপের তারিখ পরে জানানো হবে।’
ফেডারেশনটি আরও উল্লেখ করেছে, উচ্চমানের টেকনিক্যাল স্টাফ গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটি দেশের বর্তমান ক্রীড়া উদ্দেশ্যগুলির সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ।
সাবেক কোচ পাপ থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়ে এমন এক সময়ে সেনেগালের দায়িত্ব নিলেন ভিয়েরা, যখন 'টেরাঙ্গা লায়ন' খ্যাত দলটি ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বের প্রস্তুতিতে ব্যস্ত। আগামী মাসেই নতুন কোচের অধীনে মাঠে নামার কথা রয়েছে সেনেগাল জাতীয় দলের।
মতামত দিন