Views Bangladesh Logo

ইতালির নতুন কোচ হচ্ছেন কিংবদন্তি সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলো

Sports Desk

ক্রীড়া ডেস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির কিংবদন্তি সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) ৪৭ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পিরলোর নিয়োগ এখন প্রায় নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পিরলোকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয়। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রথম বিভাগের ক্লাব দুবাই ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পিরলো। এর আগে ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই দলকে কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা এনে দেন।

পিরলোর সঙ্গে চুক্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগোর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি এই স্প্যানিশ কোচ। এর আগে ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত পিরলোকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

গত এপ্রিলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ফেডারেশন। সেই অনুসন্ধানের শেষ গন্তব্য হতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী সাবেক তারকা আন্দ্রে পিরলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ