Views Bangladesh Logo

বিশ্ব রক্তদাতা দিবস আজ, মানবতার ফোঁটায় জীবনের আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করা, স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতিবছর ১৪ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। মানবিক সচেতনতা বৃদ্ধির বৈশ্বিক উদ্যোগ হিসেবে দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে।

চিকিৎসাবিজ্ঞানে রক্তের কোনো বিকল্প না থাকায় থ্যালাসেমিয়া, রক্তস্বল্পতা, প্রসূতির জটিলতা, দুর্ঘটনা ও বড় অস্ত্রোপচারের মতো নানা ক্ষেত্রে রক্তের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপদ ও নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা দিন দিন আরও বেড়েই চলেছে।

এ বছরের বিশ্ব রক্তদাতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “One Drop of Humanity. Give Blood. Save Lives.” যার বাংলা অর্থ, “প্রতি ফোঁটায় মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল, রক্তদান সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রক্তদান ক্যাম্প, সচেতনতামূলক প্রচারণা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে স্বেচ্ছা রক্তদানে উদ্বুদ্ধ করছে। বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে নতুন রক্তদাতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশে বছরে প্রায় ১০ লাখের বেশি ইউনিট রক্তের প্রয়োজন হয়। তবে এখনও দেশটি সম্পূর্ণভাবে স্বেচ্ছা রক্তদানে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। সংশ্লিষ্টদের মতে, ব্যাপক জনসচেতনতা ও স্বেচ্ছা রক্তদাতার সংখ্যা বাড়লে এই চাহিদা পূরণ সম্ভব।

দেশে রক্ত সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন— কোয়ান্টাম ফাউন্ডেশন, সন্ধানী, বাঁধন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এসব সংগঠন নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমে সংকট মোকাবিলায় কাজ করছে।

বিশেষজ্ঞদের মতে, ব্লাড ব্যাংক বা ল্যাবে গিয়ে রক্তদান করলে এক ইউনিট রক্ত থেকে প্লাজমা, প্লেটলেটসহ বিভিন্ন উপাদান আলাদা করে একাধিক রোগীর চিকিৎসায় ব্যবহার করা সম্ভব। তাই এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং তরুণদের আরও বেশি রক্তদানে সম্পৃক্ত করাই ভবিষ্যৎ চাহিদা পূরণের মূল চাবিকাঠি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ