বিশ্ব সাইকেল দিবস আজ
আজ (৩ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছরের মতো বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর পরিবহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরতে দেশের বিভিন্ন সাইক্লিং সংগঠন র্যালি, সচেতনতামূলক কর্মসূচি ও প্রচারণার আয়োজন করেছে।
বিশ্ব সাইকেল দিবসের মূল লক্ষ্য হলো- সাইকেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাইকেল ব্যবহার বায়ুদূষণ ও যানজট কমাতে সহায়তা করে, একই সঙ্গে মানুষের শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনধারা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই দিবস চালুর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্কিন অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের উপকারিতা তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে একটি প্রচারাভিযান শুরু করেন এবং জাতিসংঘের স্বীকৃতির জন্য কাজ করেন।
২০১৫ সালে একটি একাডেমিক প্রকল্প থেকে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে বৈশ্বিক আন্দোলনে রূপ নেয়। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। প্রস্তাবটি বাস্তবায়নে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ সমর্থন দেয় এবং আরও প্রায় ৫৬টি দেশ সহপৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নগরায়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তুলতে সাইকেল একটি কার্যকর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মাধ্যম। তাই বিশ্ব সাইকেল দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ জীবনের প্রতি বৈশ্বিক অঙ্গীকারের প্রতীক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে