Views Bangladesh Logo

পানিদূষণ সংকট মোকাবিলায় ঢাকার জন্য ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ক্রমবর্ধমান পানিদূষণ, স্যানিটেশন সংকট এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা কাটাতে বাংলাদেশকে ৩৭ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। নদী ও খাল পুনরুদ্ধার এবং পরিবেশগত অবকাঠামো শক্তিশালী করাই এ অর্থায়নের মূল লক্ষ্য।

মঙ্গলবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদের সভায় ঋণ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ‘পানিনিরাপত্তা ও সহনশীলতা কর্মসূচি’র আওতায় বৃহত্তর ঢাকায় দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক এবং মোট দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশ বৃহত্তর ঢাকা অঞ্চল থেকে আসে। ফলে এ অঞ্চলের পরিবেশগত অবক্ষয় কেবল জনস্বাস্থ্য নয়, জাতীয় অর্থনীতির ওপরও সরাসরি প্রভাব ফেলছে।

নতুন এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার আওতায় আসবে। পাশাপাশি ৫ লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে। বিশেষ করে দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ এবং শিল্পায়নের ফলে ঢাকার বর্জ্যপানি ব্যবস্থাপনা মারাত্মক চাপের মুখে পড়েছে। এর প্রভাব জনস্বাস্থ্য, পরিবেশ ও সামগ্রিক অর্থনীতিতে স্পষ্টভাবে দৃশ্যমান। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচি ঢাকার নদী-খালের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করবে।

বর্তমানে ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দা পাইপলাইনভিত্তিক পয়োনিষ্কাশন সুবিধার আওতায় রয়েছে। অপরিশোধিত বর্জ্যপানির ৮০ শতাংশেরও বেশি সরাসরি আশপাশের জলাশয়ে গিয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের প্রায় ৮০ শতাংশ কারখানা ঢাকায় অবস্থিত। সাত হাজারের বেশি কারখানা থেকে প্রতিদিন আনুমানিক ২৪০ কোটি লিটার অপরিশোধিত বর্জ্যপানি জলাশয়ে নিঃসরিত হচ্ছে। এর ফলে ত্বকজনিত রোগ, ডায়রিয়া ও স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ