Views Bangladesh Logo

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান সহায়তা দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বব্যাংক। বুধবার (১০ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ কার্যালয়ের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন বিশেষ উত্তোলন অধিকার (এসডিআর) সমপরিমাণ ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। পাশাপাশি বৈশ্বিক অর্থায়ন তহবিল (জিএফএফ) থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হবে।

অর্থায়নের আওতায় দুটি প্রকল্প বাস্তবায়িত হবে। ‘স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নয়ন এবং ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পটির লক্ষ্য স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান ও প্রাপ্যতা বৃদ্ধি করা, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। ‘জলবায়ু-সহনশীল প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন এবং ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এর মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবার মানোন্নয়ন এবং জলবায়ু-সহনশীল ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা হবে।

৩৭৯ মিলিয়ন ডলারের ঋণ পাঁচ বছরের অবকাশকালসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। উত্তোলিত অর্থের ওপর বছরে শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সেবা মাশুল ও ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। অনুত্তোলিত ঋণের ওপর শূন্য দশমিক ৫০ শতাংশ হারে প্রতিশ্রুতি ফি প্রযোজ্য থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে এ ফি আদায় থেকে বিরত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ