সাপের প্রয়োজনীয়তা ও দংশন প্রতিরোধে কর্মশালা
সাপ মানেই ভয় নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই সচেতনতা তৈরি এবং সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ধারণা দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে সর্প দংশন প্রতিরোধ, চিকিৎসা, সাপ উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের আয়োজনে রাজশাহী মহানগরের শাহ মখদুম কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম ও বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী।
প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
কর্মশালায় ছবিসহ বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের পরিচিতি ও প্রজাতি, সর্প দংশনের পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও কার্যকারিতা এবং দংশন প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশের জন্য উপকারী সাপ হত্যা না করে উদ্ধার ও প্রকৃতিতে অবমুক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণে সাপ উদ্ধার, হ্যান্ডলিং ও প্রকৃতিতে অবমুক্তকরণের বিষয়েও দেওয়া হয় হাতেকলমে প্রশিক্ষণ। এসময় প্রশিক্ষকরা সাপ উদ্ধারে নিজেদের নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
মতামত দিন