Views Bangladesh Logo

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অন্যান্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। সংশ্লিষ্ট অংশীজন, টেলিভিশন চ্যানেলের মালিক ও সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে আলোচনা করে আইনগুলোকে আরও কার্যকর ও সময়োপযোগী করার কাজ চলছে বলে জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা সদরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আন্দালিভ রহমান বলেন, গণমাধ্যমকর্মী, প্রশাসন ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করে এমন একটি টেকসই নীতিমালা প্রণয়ন করতে সরকার কাজ করছে। আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে। অদূর ভবিষ্যতে এ ক্ষেত্রে ইতিবাচক ও কার্যকর পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি নেত্রকোনায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক কিংবা অন্য কোনো পেশার মানুষ, যে কারও বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে কোনো অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদরের ২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে মোট ২৯ লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্যমন্ত্রী। বুধবার রাতে তিনি জেলা শহরের বিকাশ মজুমদার বাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাব-সংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মী গোবিন্দ মন্দির, বাপ্তা মহাজনের পোল পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজামণ্ডপ এবং সার্কুলার রোডের পূজামণ্ডপসহ মোট নয়টি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজেপি ও দলটির অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

পূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার আনন্দ ও সম্প্রীতির পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করছেন। হিন্দু, মুসলমানসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

পূজা কমিটির নেতাদের বরাত দিয়ে তথ্যমন্ত্রী আরও জানান, এবারের দুর্গাপূজায় ভোলায় নিরাপত্তার শঙ্কা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোলা জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা বাসসকে বলেন, তথ্যমন্ত্রী ও জেলার স্থানীয় সংসদ সদস্যদের তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থার কারণে জেলার ১১৮টি পূজামণ্ডপে ভক্তরা নির্বিঘ্নে পূজার্চনা করতে পেরেছেন।

সুশৃঙ্খল পরিবেশে পূজা উদ্‌যাপন সম্ভব হওয়ায় জেলা পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান অসীম কুমার সাহা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ