Views Bangladesh Logo

তোফাজ্জল হত্যায় জড়িত অন্যদেরও খুঁজছে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় শিক্ষার্থীকে আমাদের কাছে হস্তান্তর করেছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কিছু অনুসন্ধানের কথা জানিয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হলটির অতিথিকক্ষে ‘চোর’ অপবাদে আটকে রেখে বত্রিশ বছর বয়সী তোফাজ্জলকে দফায় দফায় মারধর করেন আবাসিক শিক্ষার্থীরা। পরে তারাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

নৃশংস ওই হত্যার ঘটনায় এ পর্যন্ত ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এ ঘটনায় আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে তালেবুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অগ্রহণযোগ্য ঘটনা নিয়ে পুলিশ শুরু থেকেই সক্রিয় ছিল। মামলার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন জমা এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ