মজুরি অসন্তোষে উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক থেকে শ্রমিকদের সরাল পুলিশ
ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের অসন্তোষে আবার উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে জেলার বিভিন্ন এলাকার কারখানায় একের পর এক ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল পৌনে ৯টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মিছিল নিয়ে ভোগড়া বাইপাসে এসে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তখনই পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানায় ছুটির ঘোষণা
শ্রমিক অসন্তোষের প্রভাবে বৃহস্পতিবার কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী, বৈরাগীর চালা ও কেওয়া এলাকার বেশ কিছু কারখানা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
আন্দোলন যেকোনো সময় আবার উত্তাল হয়ে উঠতে পারে, এমন আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা এবং কারখানার উৎপাদন সচল রাখতে পুলিশ কাজ করছে।
মতামত দিন