আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা
চলতি বছরের আগস্টের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরলে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টের প্রথম ৩০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।
প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় ডলারের সরবরাহেও এর প্রভাব পড়ছে।
তবে রেমিট্যান্স আহরণে ব্যাংকগুলোর মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ২৯ দিনে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স দেশে আসেনি।
রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। এ ছাড়া বিদেশি খাতের আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াও এ তালিকায় রয়েছে।
মতামত দিন