মে দিবস উপলক্ষে পল্টনে শ্রমজীবী মানুষের সমাবেশ-মিছিল
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে। তবে এর ফলে এলাকাটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে নিজ নিজ সংগঠনের ব্যানারে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন শ্রমিকরা। তাদের স্লোগানে আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেকে ব্যান্ড পার্টি নিয়ে মিছিলে যোগ দিয়েছেন। আবার কেউ কেউ গাইছেন জাগরণী গান।
এসব সমাবেশ ও মিছিলের কারণে পল্টন এলাকার কাকরাইল মোড়, মুক্তাঙ্গন, ফকিরাপুল মোড় এবং প্রেসক্লাব মোড় পর্যন্ত ভিড় ছড়িয়ে পড়েছে।
সকাল ৯টা থেকে পুরানা পল্টন মোড়ে সমাবেশ করছে জামায়াতে ইসলামীর শ্রমিক শাখা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। মুক্তি ভবনের সামনে সমাবেশ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে উপস্থিত রয়েছেন সভাপতি শাহ আলম ও লাকী আক্তারসহ পার্টির কেন্দ্রীয় নেতারা।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা দক্ষিণ ইউনিট শ্রমিক ।
টপখানা রোডে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন শ্রমিক ফেডারেশন এবং হোটেল শ্রমিক ইউনিয়নের মতো বিভিন্ন শ্রমিক সংগঠনের উপস্থিতি লক্ষণীয়।
শ্রমিক সংগঠনগুলোর এসব কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বিজয়নগর এবং কাকরাইল থেকে গাজীপুরগামী যানবাহনগুলোকে বিকল্প পথ মৎস্য ভবন মোড় দিয়ে চলাচল করতে হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে