Views Bangladesh Logo

বরিশালে কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকায় একটি মুগ ডাল প্রক্রিয়াজাতকরণ কারখানার ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম দুর্জয় সাহা (৩০)। তিনি সিএমএস মুগ ডাল কারখানার শ্রমিক এবং পিরোজপুরের ব্রাহ্মণকুঠি গ্রামের রবিনাথ সাহার ছেলে। প্রায় এক বছর ধরে তিনি ওই কারখানায় কাজ করছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সহকর্মীরা দাবি করেন, দুর্জয় সারা দিন যথারীতি কাজ করার পর কারখানা চত্বরে নিজের কক্ষে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় সহকর্মীরা তাঁকে খুঁজতে শুরু করেন। শাকিল নামে তাঁদেরই একজন কক্ষের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন, গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন দুর্জয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। ওসি বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা এখনই বলা সম্ভব নয়; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ