Views Bangladesh Logo

বর্ধিত ইনক্রিমেন্টে সন্তুষ্ট নন শ্রমিকরা,৩৫ কারখানার উৎপাদন বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের অন্তত ১৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও উৎপাদন বন্ধ করে প্রায় ১৬টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে গেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে বেলা গড়ার সাথে সাথে সাধারণ ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা দাঁড়ায় ১৯টিতে।

শিল্পপুলিশ জানায়, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট নয়। তাদের দাবি, ১৫ শতাংশ ইনক্রিমেন্টের। তাই শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন। আজ সকালে ১২টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আরও সাতটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হন। এছাড়া আরও ১৫/১৬টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজ বন্ধ করে দেন। পরে এসব কারখানার কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে কাজে ফিরতে বললে তারা কারখানা থেকে চলে যায়। মোট ৩৫টি কারখানায় আজ উৎপাদন বন্ধ।

শ্রমিকরা জানায়, তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের জন্য ৪ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সব শ্রমিকদের দাবি ছিল ১৫ শতাংশ। এছাড়া আরও ছয়টি দাবি রয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া গণমাধ্যমে বলেন, শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় এখন পর্যন্ত অন্তত ১৯টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৫/১৬টি কারখানায় শ্রমিকরা কাজ না করে বের হয়ে যায়। এ পর্যন্ত তথ্য আমার কাছে রয়েছে। তবে মূলত বর্ধিত ইনক্রিমেন্টে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাই কাজ বন্ধ করে অনেকেই বেরিয়ে গেছে। তবে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা তারা করছেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ