বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শ্রমিকদের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় এই কর্মসূচি পালন করেন ‘ভুঁইয়া ফেব্রিকস’ নামে একটি কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় ৪০০ শ্রমিক কর্মরত থাকলেও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও বকেয়া পরিশোধ করেনি।
শ্রমিকরা জানান, বুধবার সকালে কারখানায় এসে তারা জানতে পারেন—বকেয়া বেতন ও বোনাস আগামী ১৮ মার্চ দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।
অবরোধের ফলে প্রায় আট কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রী, দূরপাল্লার পরিবহন ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ বৃহস্পতিবার (১২ মার্চ) বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে ফিরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে