Views Bangladesh Logo

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে চিরচেনা উপচে পড়া ভিড় বা যানজট ছাড়া এবারের ফিরতি যাত্রা বেশ স্বস্তিদায়ক মনে করছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপস্থিতি ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।

রোববার (২২ মার্চ) বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলিতে যাত্রীদের সরব উপস্থিতি দেখা গেছে। প্রায় এক হাজার যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছায় নোয়াখালি থেকে ছেড়ে আসা ‘উপকুল এক্সপ্রেস’।

এই ট্রেনের যাত্রী হাফিজ রহমান জানান, সোমবার থেকে অফিস খোলা থাকায় তিনি পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরেছেন। তার মতে, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ অনেক বেশি নির্বিঘ্ন হওয়ায় তিনি বরাবরই এই পথ বেছে নেন। একই ট্রেনের যাত্রী শাহজালাল জানান, এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলেন, এখন জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরছেন।

সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে। যাত্রীরা জানিয়েছেন, এবারের দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পেরে তারা খুশি।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও ঘরমুখো মানুষের যাত্রা থেমে নেই। ঢাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন শেষে অনেকেই এখন গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে। ঈদের সময়ের ভিড় ও ভোগান্তি এড়াতে তারা ঈদের পরেই যাত্রা শুরু করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ